কুমিল্লায় ট্রেন–বাস সংঘর্ষে হতাহতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লায় ট্রেন–বাস সংঘর্ষে হতাহতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪০, ২২ মার্চ ২০২৬

কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রী দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বগুড়ার ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লায় সংঘটিত এ দুর্ঘটনার বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশও দেন তিনি।

তিনি বলেন, ট্রেন–বাস সংঘর্ষের ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং অপর একটি কমিটি করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রী ফেনী, হবিগঞ্জ ও জামালপুর সেতু দুর্ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement