কতিপয় ব্যক্তির কর্মকাণ্ডে সাংবাদিকতা পেশা বিতর্কিত হয়ে পড়ছে: তথ্যমন্ত্রী

কতিপয় ব্যক্তির কর্মকাণ্ডে সাংবাদিকতা পেশা বিতর্কিত হয়ে পড়ছে: তথ্যমন্ত্রী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৯, ২২ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে এই পেশা বিতর্কিত হয়ে পড়ছে।রোববার বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

তিনি আরও বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেন, তাদের পরিচয় নিয়ে যদি কোনো বিতর্ক থাকে, সেটি সাংবাদিকরাই নির্ধারণ করবেন। এতে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

জহির উদ্দিন স্বপন বলেন, কে ছোট সাংবাদিক বা কে বড় সাংবাদিক—এ বিষয়গুলো নির্ধারণ করা সরকারের কাজ নয়। কারণ সরকার এখানে পাঠকের ভূমিকায় রয়েছে। প্রেসক্লাবের নেতৃত্ব একটি টিম গঠন করে এসব বিষয় নির্ধারণ করতে পারে।

তিনি বলেন, সাংবাদিকতার মতো পেশায় সহজে বিত্তবান হওয়া যায় না। এ ধরনের পেশাকে পৃষ্ঠপোষকতা দিতে হয়, কারণ এটি মেধা ও যোগ্যতার কাজ। যদি সাংবাদিকরা তাদের পরিচয়ের সংকট থেকে বের হতে না পারেন, তাহলে রাষ্ট্র ও সমাজ বিব্রত হয়ে পড়ে।

মন্ত্রী বলেন, কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে সাংবাদিকতা পেশা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই এখন সাংবাদিক পরিচয় দিতে সংকোচ বোধ করেন। তিনি বলেন, রাজনীতিতেও একই ধরনের পরিস্থিতি রয়েছে।

তিনি আরও বলেন, ‘অপসাংবাদিকতা’ যারা করে তাদের শনাক্ত করার একটি প্রক্রিয়া তৈরি করা প্রয়োজন, যাতে সৎ সাংবাদিকরা সুরক্ষা পায় এবং কেউ সাংবাদিকতার নাম ব্যবহার করে ব্ল্যাকমেইল করতে না পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সংবাদপত্রের মালিক, সাংবাদিক এবং সরকার—এই তিন পক্ষের যৌথ উদ্যোগে খুব শিগগিরই সাংবাদিকতা পেশাকে একটি সম্মানজনক কাঠামোর মধ্যে নিয়ে আসা সম্ভব হবে।

সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন সঞ্চালনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্দার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার প্রমুখ।

শেয়ার করুনঃ
Advertisement