বৈশ্বিক চাপের মধ্যেও অর্থনীতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে সরকার: অর্থমন্ত্রী
Published : ০০:০৭, ২৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২২ মার্চ) চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে তাঁর বাসভবনে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি পরিবহন ভাড়া বৃদ্ধি না করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা করেছে। এর ফলে ঈদযাত্রায় কোথাও জ্বালানির সংকটে পরিবহন বন্ধ হয়নি এবং ভাড়াও বাড়েনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না। জ্বালানি তেলের উৎস খুঁজে বের করা এবং সরবরাহ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সহযোগিতা, সহানুভূতি ও সংযম প্রয়োজন।
ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যুদ্ধ দীর্ঘদিন অব্যাহত থাকলে বৈশ্বিক চাপ আরও বাড়বে এবং এর প্রভাব শেষ পর্যন্ত দেশের জনগণের ওপরও পড়তে পারে। তাই এই কঠিন সময় মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ মালিকানা ফিরে পাওয়ায় এবারের ঈদ উৎসবমুখর পরিবেশে এবং নির্ভয়ে উদযাপিত হচ্ছে।
তিনি আরও বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন-ভাতা আগাম পরিশোধ নিশ্চিত করা হয়েছে, ফলে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি, যা আগের বছরগুলোর তুলনায় ইতিবাচক পরিবর্তন।
অর্থমন্ত্রী জানান, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ড চালু, কৃষকদের হাজার কোটি টাকার ঋণ মওকুফ এবং ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান।
তিনি চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশবাসীকে সংযম, সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






























