রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
Published : ০০:২২, ২৩ মার্চ ২০২৬
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।
রোববার অনুষ্ঠিত এই পরিদর্শনে তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য সেনা সদস্যদের প্রতি নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান পার্বত্য অঞ্চলে কর্মরত সেনা সদস্যদের মনোবল দৃঢ় রাখতে এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।






























