স্বাধীনতা দিবস ঘিরে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা
Published : ১৭:৫০, ২২ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২২ মার্চ) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর স্মৃতিসৌধ থেকে ফিরে দলের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন থাকবে।
এর আগে, ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন। দিবসটি উপলক্ষে বিএনপি ইতোমধ্যে বিশেষ পোস্টার প্রকাশ করেছে এবং পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রুহুল কবির রিজভী আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজ নিজ সুবিধামতো সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিজস্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। ঘোষিত এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিডি/এএন


































