বিশ্বকাপে ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানের তিন শর্ত

বিশ্বকাপে ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানের তিন শর্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চলমান টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান।

তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যার একটি হলো বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী পিসিবি। এ লক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চলমান অচলাবস্থা নিরসনে বোর্ডের পক্ষ থেকে তিনটি দাবি উপস্থাপন করা হয়—

প্রথমত, বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
দ্বিতীয়ত, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, ভবিষ্যতে কোনো একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দিতে হবে।

সূত্র জানিয়েছে, পিসিবির কয়েকজন কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনও কঠোর অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও আলোচনা করবেন।

উল্লেখ্য, গত মাসে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন না করায় আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়। যদিও আইসিসির পক্ষ থেকে দাবি করা হয়, ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এরপর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। আইসিসির বিভিন্ন বৈঠকের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আইসিসি যখন ‘ফোর্স মাজ্যুর’ ধারা প্রয়োগ করে ম্যাচ না খেলার যৌক্তিকতা ব্যাখ্যা করতে পিসিবিকে চাপ দেয়, তখনই বোর্ডের অবস্থানে হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। বিশেষ করে ম্যাচ বর্জনের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করায় পিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আইসিসি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement