নির্বাচনে জিতে একসঙ্গে সংসদে দুই ভাই
Published : ১৫:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
টাঙ্গাইল জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন দুই ভাই—টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, আর টাঙ্গাইল-৫ (সদর) আসনে তাঁর ছোট ভাই, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বড় ভাই আবদুস সালাম পিন্টু পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট এবং এই ব্যবধানে তিনি বিজয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামি–র প্রার্থী হুমায়ুন কবির সংগ্রহ করেন ৬০ হাজার ৮৭১ ভোট।
১৩৯টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণে এই আসনে মোট ভোট কাস্টিং হয় ৬৪ দশমিক ৫৬ শতাংশ, আর বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।
অন্যদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল অর্জন করেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী, টাঙ্গাইল-৫ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৮০টি। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৪০১। শতকরা হিসাবে এখানে মোট ভোট কাস্টিং হয়েছে ৬৩ দশমিক ২৫ ভাগ।
উল্লেখ্য, আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ভাইস চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন।
অন্যদিকে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি/এএন



























