দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি আবদুল হান্নান মাসউদ

দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি আবদুল হান্নান মাসউদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১–দলীয় জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে বিজয়ী হয়েছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বেসরকারি ফলাফলে দেখা যায়, তিনি পেয়েছেন মোট ৯১ হাজার ৮৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

এই জয়ের মাধ্যমে আবদুল হান্নান মাসউদ শুধু সংসদ সদস্য নির্বাচিতই হননি, একই সঙ্গে এবারের নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।

নির্বাচনের বেসরকারি ফলাফল এবং প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তাঁর বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই তিনি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নেন।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরে তিনি জাতীয় নাগরিক পার্টি–তে যোগ দেন এবং ১১–দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে ভোটের মাঠে নামেন।

হলফনামায় তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস বলে জানিয়েছেন।

ঢাকায় ‘ডিজিল্যান্ট গ্লোবাল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা তাঁর নামে রয়েছে বলেও হলফনামায় উল্লেখ আছে। সেখানে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে মাত্র ১ হাজার ৫৫ টাকা। পাশাপাশি বন্ড ও ঋণপত্র খাতে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু বাবদ ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রীতে এক লাখ টাকা এবং আসবাবপত্রে আরও এক লাখ টাকার সম্পদের তথ্য দেওয়া হয়েছে।

ব্যক্তিগত জীবনে, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আবদুল হান্নান মাসউদ।

তাঁর স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। বর্তমানে তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement