প্রতিষ্ঠার পর প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন

প্রতিষ্ঠার পর প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিষ্ঠার পর দীর্ঘ সময়ের পর এবারই প্রথম এক আসনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করল বাংলাদেশ ইসলামী আন্দোলন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জামায়াতসহ সমমনা দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এবং গণভোট আলাদা দিনে করার দাবিতে একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন করেছিল। তবে আসন ভাগাভাগি ও কৌশল নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

শেষ পর্যন্ত চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। দলটি ২৫৮টি আসনে প্রার্থী দিয়েছিল, এবং তার মধ্যে বরগুনা-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মো. অলি উল্লাহ। এ বিজয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো দলটিকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম ১৯৮৭ সালের ১৩ মার্চ, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবি নিয়ে। পরবর্তীতে মতভেদ ও বিভাজনের কারণে এটি চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি পৃথক রাজনৈতিক দলে রূপ নেয়। ১৯৯১ সাল থেকে দলটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় হয় এবং ২০০৮ সালে নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। দলটির প্রতীক হলো হাতপাখা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৫৮ আসনে প্রার্থী দেওয়ার পর বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে দুটি আসনে বিএনপি প্রার্থীদের কাছে হেরে যান।

বরিশাল-৫ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে মুফতি ফয়জুল করীম পান ৯৩ হাজার ৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে জয়ী হন, দ্বিতীয় হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি এবং ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

দেশের অন্যান্য আসনেও দলটির প্রার্থী থাকলেও একমাত্র বরগুনা-১ আসনে মো. অলি উল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হন। এ আসনে তিনি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে পরাজিত করেন। অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট।

এই জয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাংলাদেশের সংসদে ইসলামী আন্দোলনের উপস্থিতি নিশ্চিত করেছে, যা দলের জন্য একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করার প্রতীক হিসেবে গণ্য হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement