তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
Published : ১৭:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে এই ঐতিহাসিক নির্বাচনী সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানান।
বার্তায় তিনি উল্লেখ করেন, বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘ সময়ের চ্যালেঞ্জ পার হয়ে তাদের ভোটের মাধ্যমে স্পষ্টভাবে রায় প্রদান করেছেন।
তার মতে, জনগণের এই ম্যান্ডেট বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে।
আনোয়ার ইব্রাহিম একইসঙ্গে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, বিশেষ করে ঢাকা ও কুয়ালালামপুরের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রাণশক্তি ও গতিশীলতা আনার লক্ষ্য নিয়ে।
তিনি দুই দেশের দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, বিশেষ করে বাণিজ্য, জনশক্তি এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে যে গভীর স্বার্থ দুই দেশের মধ্যে রয়েছে তা উল্লেখ করে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টির জন্য মালয়েশিয়া বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে উদগ্রীব।
বিডি/এএন


































