বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তিনি বলেন, ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সকলেই একমত এবং ঐক্যবদ্ধ।
দেশের স্বার্থে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, এবার দেশের গড়ার পালা এসেছে এবং এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা প্রয়োজন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন।
তারেক রহমান সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে এবং এটি পুরো দেশের জনগণের বিজয়।
শনিবার থেকে দেশবাসী সবাই স্বাধীন, এবং সবাইকে অভিনন্দন জানানো উচিত। তাঁর মতে, দেশের সকলের অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত একটি রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।
বক্তব্যের সময়ে তিনি নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকে বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান।
পাশাপাশি দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ শুরু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
































