রংপুর-৪ আসনের ভোট পুনরায় গণনার দাবিতে সড়ক অবরোধ

রংপুর-৪ আসনের ভোট পুনরায় গণনার দাবিতে সড়ক অবরোধ ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ১৯:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনরায় গণনার দাবিতে নেতাকর্মীদের নিয়ে সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা।

এসময় তিনি অভিযোগ করেন বলেন, ভোট গণনায় কারচুপি করে জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ডে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। এসময় মহাসড়কের চলাচল বন্ধ হয়ে দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে যান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি বলেন, ভোট পুনরায় গণনার জন্য নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে নগরীর হারাগাছে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ করেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। এরপর নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল শুরু করেন।

শনিবার সকাল থেকে ভোট পুনর্গণনার দাবিতে কাউনিয়ার হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা সড়কে অগ্নিসংযোগ ও অবরোধ করেন।

দুপুরে রংপুর নগরীর সাহেগঞ্জ এলাকায় বিএনপির নেতাকর্মীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেছেন। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। ঘটনাস্থলে জেলা বিএনপির সদস্য ও হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন বলেন, আমরা ন্যায্য দাবি জানাচ্ছি।

ভোটটা পুনরায় গণনা করতে তো রিটার্নিং কর্মকর্তার সমস্যা নেই। এদিকে, ভোট পুনরায় গণনার দাবিতে পীরগাছা উপজেলায় সকালে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।  রবিবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির মাঠে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন তারা। 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement