যুক্তরাষ্ট্রের কাছে ‘সর্বোচ্চ মর্যাদায়’ প্রধানমন্ত্রী তারেক রহমান, বললেন পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের কাছে ‘সর্বোচ্চ মর্যাদায়’ প্রধানমন্ত্রী তারেক রহমান, বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩৮, ৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের সুস্পষ্ট প্রতিফলন।
রোববার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন দূতের বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে যে, ওয়াশিংটন বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা রাখে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, রাষ্ট্রদূত গরের এ সফর ছিল পরিচিতিমূলক হলেও উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী এক দশকে বাংলাদেশকে এশিয়ার সম্ভাবনাময় প্রযুক্তি কেন্দ্র হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ও উচ্চমূল্যসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।

হুমায়ুন কবিরের ভাষ্য, জাতীয় নির্বাচনের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক জনসমর্থন বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন, বেইজিং, রিয়াদসহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দুই দেশের সহযোগিতা এখন ধর্মীয় সম্পর্কের গণ্ডি পেরিয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে। প্রয়োজনে আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবকে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ, তবে তা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।

চীনের বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ চীন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করে। দেশের বিনিয়োগ পরিবেশকে কোনো প্রতিযোগিতা বা সংঘাতের ক্ষেত্র নয়, বরং ভারসাম্যপূর্ণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে অগ্রগতি হলে সরকার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবে।

শেয়ার করুনঃ
Advertisement