যুক্তরাজ্যে এনসিপির অনুষ্ঠানে হামলা, ৯ জন গ্রেপ্তার

যুক্তরাজ্যে এনসিপির অনুষ্ঠানে হামলা, ৯ জন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ওপর হামলা করে কার্য ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি অনলাইন

Published : ১৩:১৬, ২৭ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন, ‘যুক্তরাজ্যে এনসিপির প্রোগ্রামে হামলার ঘটনায় নিষিদ্ধ লীগের ৯ হামলাকারীকে গ্রেপ্তার করেছে ইউকে পুলিশ।’

এর আগে গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে যুক্তরাজ্যের রমফোর্ডের হাই রোডে মেফেয়ার ভেন্যুর সামনে দুই পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল।

অনুষ্ঠান শেষে ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভেন্যুর সামনের হাই রোডে। প্রায় ২০ মিনিট ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি। এর আগেই নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।

মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে গোলযোগের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে সংঘর্ষের আগে প্রায় ৫০ জন একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানতে পারে পুলিশ।

পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের আঘাত প্রাণঘাতী বলে মনে করেনি পুলিশ। কর্মকর্তারা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদের দাবি, অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন।

অন্যদিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস গুপ্তের দাবি, ভেন্যুর পেছনে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা পাল্টাপাল্টি ধাওয়া ও বোতল ছোড়ার কথা জানিয়েছেন। তবে প্রথমে কারা শারীরিক আঘাত করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর ১৭ নভেম্বর প্রকাশিত পুলিশের প্রাথমিক বক্তব্যে জানানো হয়েছিল, তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজ চেয়েছিল পুলিশ।

এদিকে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে চারজনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিপেটা করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement