১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ছবি: সংগ্রহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৪:৫৭, ২৭ নভেম্বর ২০২৬

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপি কার্যালয়ে যৌথসভা শেষে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও শুক্রবার স্থান নির্ধারণের কথা জানানো হয়।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ১ ডিসেম্বর বেলা ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

যৌথসভায় বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

শেয়ার করুনঃ
Advertisement