রাজধানীতে গ্রেপ্তার মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ
Published : ১৫:৪০, ২৮ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লার মেঘনা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তিনবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা থানার সানারপাড় এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডেমরা থানা-পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে। এ বিষয়ে পুলিশের কাছে তথ্য পৌঁছানোর পর ডেমরা থানা-পুলিশ তাঁর অবস্থান শনাক্তে কাজ শুরু করে। পরে সানারপাড় এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. শহীদুল ইসলাম জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানা-পুলিশ তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, শনিবার তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে। পরে মেঘনা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।


































