জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে সরকার উল্টো পথে হাঁটছে: নাহিদ ইসলাম
Published : ২০:৫০, ২৬ আগস্ট ২০২৬
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকার এখন উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সরকারকে গণ-আন্দোলনের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি আগামী ৩০ আগস্টের লংমার্চে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার বর্তমানে তার সম্পূর্ণ বিপরীত পথে এগোচ্ছে। দেশের পরিস্থিতি এভাবে চলতে থাকলে সরকারকে গণ-আন্দোলনের মুখোমুখি হতে হবে।
তিনি জানান, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ এবং এ অবস্থায় বিরোধী দলগুলোর করণীয় নিয়েও আলোচনা হয়।
বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেসব আইন নিয়ে আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল, সেগুলো বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে জনগণের কাছে বিরোধী দলগুলোর অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে হবে।






























