সংসদে বিরোধীদলীয় নেতাদের কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম
Published : ১৯:৪৬, ২৮ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন করায় বিরোধীদলীয় নেতাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কটূক্তি করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউটের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সংসদ সদস্য আবুল হাসনাত ও শফিকুল ইসলাম মাসুদ গত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের ভিত্তিতে আগের ছয় মাসের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তাঁরা জানতে চান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না এবং ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন কি না।
এ প্রশ্নের কারণেই বিরোধীদলীয় সদস্যদের কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দল তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে ওই শব্দ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছে।
স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, স্পিকার বিরোধী দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন এবং বিরোধী দলকে অসহিষ্ণু হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন।
নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ কেবল বিরোধী দলের বক্তব্য নয়; পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যেও এ পরিস্থিতি উঠে এসেছে। তিনি খুন, ধর্ষণ, দমন-পীড়ন এবং জননিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ধরেন।
সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিলসহ কয়েকটি আইন প্রস্তাব আনার বিষয়েও আপত্তি জানায় এনসিপি। নাহিদ ইসলামের দাবি, গুরুত্বপূর্ণ সংস্কারসংক্রান্ত বিষয়গুলো বিচ্ছিন্নভাবে না এনে গণরায়, জুলাই সনদ এবং সংশ্লিষ্ট অধ্যাদেশের আলোকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা উচিত।
তিনি অবিলম্বে সংসদীয় সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। তাঁর ভাষ্য, এ পরিষদের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কার ও বাতিল হওয়া অধ্যাদেশগুলো কার্যকর আইনে পরিণত করতে হবে।

































