লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যে আয়োজিত লংমার্চে বাধা দেওয়া হলে ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, এই লংমার্চ আপামর জনতার। নতুন করে যারা স্বৈরাচারী হতে যাচ্ছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের রায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এ কর্মসূচি। বাধা এলেও লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে বলে জানান তিনি।

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের কর্মসূচিতে বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় থেকে জাতিকে ভুল পথে পরিচালনার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জনগণের দুর্ভোগ কমাতে ব্যর্থ হয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, গত ছয় মাসে সরকারের বলার মতো উল্লেখযোগ্য সাফল্য নেই। বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি ও দলীয়করণের সমালোচনা করে তিনি সরকারের প্রতি জনগণের আস্থার প্রশ্ন তোলেন।

সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement