সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার
Published : ১০:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৬
জনগণের দুর্ভোগ লাঘবে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, দিন দিন দুর্ভোগ বাড়ছে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এই লংমার্চ আপামর জনতার। সরকার বাধা দিলে তা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানো হবে এবং ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতায় থেকে জাতিকে ভুল পথে পরিচালনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তিনি বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং দলীয়করণের অভিযোগ তুলে সরকারের প্রতি জনগণের আস্থার প্রশ্ন তোলেন।
সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।



































