সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৬

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় থেকে জাতিকে ভুল পথে পরিচালনার চেষ্টা করলে সরকারকে টেনে নামাতে তাদের হাত এক চুলও কাঁপবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এই লংমার্চ আপামর জনতার। সরকার বাধা দিলে তা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানো হবে এবং ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং দলীয়করণের অভিযোগ তোলেন।

সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement