বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৪, ১৯ অক্টোবর ২০২৬

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরার সুযোগ করে দেওয়ার চেষ্টা করলে তা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধী দলকে বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিরোধী দল শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করলে আমন্ত্রণ পাওয়ার পরও তাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতা ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সরকারের সঙ্গে রাজনৈতিক দূরত্ব থাকলেও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে যোগ দিতে পারতেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যাঁদের আত্মত্যাগ, আহত হওয়া ও দৃষ্টিশক্তি হারানোর কারণে বিরোধী দলের নেতারা ও সংসদ সদস্যরা আজ পরিচিতি পেয়েছেন, তাঁদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিরোধী নেতাদের উপস্থিতি প্রত্যাশিত ছিল। বিএনপি যেভাবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে, বিরোধী দলও তা ধারণ করে কি না, উপস্থিতির মাধ্যমে সেটি বোঝা যেত বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, সরকার দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে কাজ করছে। জনগণের ভোটে বিরোধী দল যেমন সংসদে প্রতিনিধিত্ব করছে, তেমনি জনগণের সমর্থন নিয়ে সরকারও দায়িত্ব পালন করছে।

সরকারি দলই শুধু জনগণের প্রতিনিধিত্ব করে, আর বিরোধী দল করে না—এমন ধারণার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল মানুষের স্বার্থ দেখে না, এমন সাধারণীকরণ এবং পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

শেয়ার করুনঃ
Advertisement