সেপ্টেম্বরে মসজিদে নববী পরিদর্শন করেছেন ২ কোটি ১৬ লাখের বেশি মানুষ
Published : ১১:৩৬, ২০ অক্টোবর ২০২৬
সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন দর্শনার্থী ও মুসল্লির সমাগম হয়েছে। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রওজা শরীফে নামাজ আদায় করেছেন। এ সময়ে ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন পথনির্দেশনা সেবা গ্রহণ করেন। পাশাপাশি অতিথি সেবাকেন্দ্রের সহায়তা নিয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন।
মসজিদে নববীর ধর্মীয় ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে দর্শনার্থীদের জন্য রয়েছে গ্রন্থাগার ও বিভিন্ন প্রদর্শনী পরিদর্শনের সুযোগ। গত মাসে মসজিদটির গ্রন্থাগার ঘুরে দেখেছেন ৮১ হাজার ২৪৩ জন। এ ছাড়া বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।
কর্তৃপক্ষের মতে, এসব পরিসংখ্যান মুসল্লি ও দর্শনার্থীদের উন্নত সেবা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টাকে তুলে ধরে। একই সঙ্গে দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং মসজিদে নববীতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ইবাদতের সুযোগ বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে।
সূত্র: সৌদি গেজেট



































