বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২১, ২১ অক্টোবর ২০২৬

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত ভক্তরা। উৎসবের আনন্দের পাশাপাশি পূজামণ্ডপে মণ্ডপে বিরাজ করছে বিদায়ের বিষাদ।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান শেষে আজ বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীতে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে পূজার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়। শাস্ত্রীয় রীতি অনুসারে এদিন যজ্ঞের মাধ্যমে দেবীর উদ্দেশে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি ব্যবহার করে যজ্ঞের আয়োজন করা হয়। নীল অপরাজিতা ফুলসহ বিভিন্ন উপাচারও নবমীর পূজায় বিশেষ গুরুত্ব বহন করে।

গতকাল মহানবমীতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। দেবী দুর্গার বন্দনা, মন্ত্রোচ্চারণ ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে মন্দিরগুলো। বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ ও অলিগলিতে ছিল উপচে পড়া ভিড়।

রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়, যা বিকেলের দিকে আরও বাড়তে থাকে। পরিবার-পরিজনের সঙ্গে নতুন পোশাক পরে মণ্ডপে আসে শিশুরাও। পূজা দেখা শেষে অনেকেই মণ্ডপের বাইরের অস্থায়ী দোকান থেকে খাবার ও বিভিন্ন সামগ্রী কেনাকাটা করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা, তোরণ ও নানা সাজে। বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানমালার। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা ও শঙ্খের ধ্বনিতে উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ।

বিজয়া দশমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাটে গিয়ে শেষ হবে। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে দেবী দুর্গাকে।

বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটলেও ভক্তদের মনে থেকে যাবে দেবী দুর্গার আগমনের আনন্দ এবং বিদায়ের আবেগ।

শেয়ার করুনঃ
Advertisement