২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ১০ মার্চ

২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ১০ মার্চ ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৬, ২০ অক্টোবর ২০২৬

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের সূচনা ও পবিত্র ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হিজরি বর্ষপঞ্জি চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল হওয়ায় ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে, ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে রমজান প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় হিজরি ১৪৪৮ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি সোমবার হবে প্রথম রোজা।

ইসলামি বিধান অনুযায়ী, রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ তারিখ এখনো চূড়ান্ত নয়।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই মানবজাতির হিদায়াতের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং আত্মশুদ্ধি ও ইবাদতে মনোনিবেশ করেন।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে বিভিন্ন মুসলিম দেশে মসজিদ সংস্কার ও মানবকল্যাণমূলক কার্যক্রমসহ নানা প্রস্তুতি নেওয়া হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এবং চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

শেয়ার করুনঃ
Advertisement