রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বিশ্বমানের দার্শনিক : মির্জা ফখরুল
Published : ১৯:৩৮, ৮ মে ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সবক্ষেত্রে দৃঢ় উপস্থিতি রেখে গেছেন এবং তাকে পুরোপুরি উপলব্ধি করা আজও সম্ভব হয়নি।
শুক্রবার নওগাঁর পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি ও দার্শনিক। যারা তাকে সাম্প্রদায়িকভাবে ব্যাখ্যা করতে চান, তারা তার দর্শন ও সাহিত্যকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি।”
তিনি আরও বলেন, পতিসরের কৃষকদের উন্নয়নে রবীন্দ্রনাথ কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। বর্তমান সরকারও সেই আদর্শকে সামনে রেখে কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পতিসর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্রপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।



































