রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে শিল্পকলায় সম্মিলিত সংগীত পরিবেশন
Published : ১২:২০, ৯ আগস্ট ২০২৬
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিত সংগীত পরিবেশনায় অংশ নিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (৮ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


































