পুঁজিবাজার সচেতনতায় লংকাবাংলা সিকিউরিটিজ ও এক্সিলেন্স বাংলাদেশের সমঝোতা

পুঁজিবাজার সচেতনতায় লংকাবাংলা সিকিউরিটিজ ও এক্সিলেন্স বাংলাদেশের সমঝোতা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মধ্যে পুঁজিবাজার, বিনিয়োগ ও আর্থিক শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও এক্সিলেন্স বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর বনানীতে লংকাবাংলা সিকিউরিটিজের কার্যালয়ে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে। এর মধ্যে থাকবে শিক্ষামূলক আলোচনা, সেমিনার, শিক্ষার্থী প্রতিযোগিতা, ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম এবং বিভিন্ন ডিজিটাল ক্যাম্পেইন।

এই অংশীদারিত্বের অন্যতম লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের এক মিলিয়ন (১০ লাখ) শিক্ষার্থীর কাছে পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা পৌঁছে দেওয়া।

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে সঠিক আর্থিক জ্ঞান ও বিনিয়োগের মৌলিক ধারণা সম্পর্কে শিক্ষিত করা হলে ভবিষ্যতে তারা আরও দায়িত্বশীল ও সচেতন আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে একটি জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজির আবরারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্ম এবং দেশের পুঁজিবাজারের মধ্যে একটি কার্যকর ও টেকসই সংযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আরও সচেতন এবং দক্ষ করে তুলতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
শেয়ার করুনঃ
Advertisement