সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ
Published : ১৯:৩৯, ২৫ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু এবং তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে।
হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা জেএমসি বিল্ডার্সের শেয়ারের মালিকানা মো. সাহাবুদ্দিন চুপ্পুর নামে ছিল বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে তিনি জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, ওই শেয়ার কেনার অর্থ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সংগ্রহ করা হয়। জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাইকোর্ট বিএফআইইউর প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পূর্ণাঙ্গভাবে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।
এর আগে, ২০২৫ সালে দায়ের করা ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি-সংক্রান্ত একটি মামলার তদন্তের নির্দেশও দুদককে দিয়েছিল ঢাকার একটি আদালত।
সূত্র: আমার দেশ


































