ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের
Published : ১৯:০৬, ১৯ নভেম্বর ২০২৬
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানে লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে। এসব সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে তার স্বামী মতিউর রহমানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানে লায়লা কানিজের নামে মোট ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১৫ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৬৪২ টাকার সম্পদের হিসাব দেখিয়েছিলেন। এতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপনের বিষয়টি উঠে আসে।
সম্পদ বিবরণীতে লায়লা কানিজ তার স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৬৭ টাকা উল্লেখ করেন। কিন্তু দুদকের যাচাইয়ে স্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৭৫৭ টাকা পাওয়া যায়। সম্পদ বিবরণীতে তিনি কোনো দায়-দেনার তথ্য উল্লেখ করেননি।
দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত লায়লা কানিজের আয়কর নথিতে মোট ১৯ কোটি ৮ লাখ ৪৪ হাজার ৮৫৪ টাকা আয় দেখানো হয়েছে। এর মধ্যে কৃষি ও মৎস্য খাতের আয় এবং স্বামী ও মেয়ের কাছ থেকে পাওয়া অর্থও রয়েছে। তবে এসব আয়ের মধ্যে ১১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৬৬০ টাকার বৈধ উৎসের পক্ষে কোনো দালিলিক প্রমাণ অনুসন্ধান দলকে দিতে পারেননি তিনি। ওই অর্থের উৎস সম্পর্কেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এজাহারের হিসাব অনুযায়ী, লায়লা কানিজের গ্রহণযোগ্য আয় ৭ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ১৯৪ টাকা। এর বিপরীতে পারিবারিক ও অন্যান্য ব্যয় ৩ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৯৬৮ টাকা। ফলে তার সঞ্চয় বা বৈধ উৎসের অর্থ দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৬ টাকা।
অন্যদিকে, অনুসন্ধানে তার নামে মোট ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ হিসাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা।
দুদকের অভিযোগ, অসৎ উদ্দেশ্যে সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদের তথ্য গোপন করেছেন লায়লা কানিজ। পাশাপাশি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন তিনি। এসব সম্পদ অর্জনে তার স্বামী মতিউর রহমান প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মতিউর রহমানের বিরুদ্ধে একই আইনের সংশ্লিষ্ট বিধান ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার কথাও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও আবগারি বিভাগের সাবেক সদস্য। তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত।


































