৪০০ কোটি টাকার সম্পদের আলোচিত জাহাঙ্গীরের ভাগিনার রিমান্ড
Published : ১৭:১৮, ২৫ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক কর্মচারী জাহাঙ্গীরের ভাগিনা এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক শিপনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনটির বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনার সাবেক কর্মচারী জাহাঙ্গীরের ভাগিনা শিপন। জাহাঙ্গীর প্রায় ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বলে আলোচনায় এসেছিলেন। রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় শিপনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হন। সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট এক পুলিশ সদস্য তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলার তদন্তে শিপনের সম্পৃক্ততার তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বড় ধরনের অঘটন ঘটানোর পরিকল্পনায় শিপন জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারবিরোধী স্লোগান ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলেও আবেদনে দাবি করা হয়।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর তুরাগ থানার দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বছর বয়সী মো. মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার অধিকতর তদন্ত এবং ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

































