বাঁশখালীতে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার
Published : ১২:৪০, ১৪ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫৫) এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত জাহেদ হোসেন উপজেলার চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। তাঁর দুই শিশুকন্যার নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়া নিয়ে জাহেদ ও তাঁর স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে জুমার নামাজের পর স্ত্রী আফিয়া বেগম একটি সামাজিক অনুষ্ঠানে যান। এ সময় বাড়িতে জাহেদ ও তাঁর সাত মাস বয়সী দুই যমজ কন্যা ছিল।
আফিয়া বেগমের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। যমজ মেয়েদের সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ তাতে আপত্তি জানান। পরে শিশু দুটিকে বাড়িতে রেখেই তিনি অনুষ্ঠানে চলে যান।
বিকেলে বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা সব বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশার কারণে জাহেদ প্রথমে তাঁর দুই কন্যাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারেন। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।
ওসি আরও জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


































