শিশু রামিসা হত্যা মামলা: আজ শুরু হতে পারে হাইকোর্টে শুনানি

শিশু রামিসা হত্যা মামলা: আজ শুরু হতে পারে হাইকোর্টে শুনানি ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২০, ১৬ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে শুরু হতে পারে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর মামলার এক নম্বর আসামি সোহেল রানা কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ তার স্ত্রী স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়।

তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই দিন মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়।

পরবর্তী সময়ে ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এক দিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য শোনেন আদালত।

সবশেষে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণা করেন। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি এবার হাইকোর্টে হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement