উত্তরা নাশকতার মামলায় রিমান্ড শেষে ১৪ জন কারাগারে

উত্তরা নাশকতার মামলায় রিমান্ড শেষে ১৪ জন কারাগারে প্রতীকী। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৮:৫৭, ২ অক্টোবর ২০২৬

রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৪ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ইকবাল হোসেন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন।

এর আগে মঙ্গলবার আদালত ১৪ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তার এক নারী আসামিকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। শুক্রবার ১১ আসামির পক্ষে করা জামিন আবেদনও আদালত নাকচ করেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্ত চলমান থাকায় তথ্য যাচাই এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা প্রয়োজন।

এর আগে সোমবার উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সেখান থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্তসংবলিত ২০ পৃষ্ঠার নথি উদ্ধার করা হয়। নথিতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ঘটনার মূলহোতা ও নেতৃত্বদানকারীদের শনাক্ত, অর্থের জোগানদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

শেয়ার করুনঃ
Advertisement