ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৮:৩০, ১১ অক্টোবর ২০২৬

বিয়ের শর্ত হিসেবে অর্থ বা সম্পত্তি দাবি না করা হলে, কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়াকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড বাতিল করে মো. রাসেল উদ্দিন নামে এক ব্যক্তিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

রোববার (১১ অক্টোবর) বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম আইন অনুযায়ী রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের বাইতুশ শরফ মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসায় ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন রাসেল। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কাঠের লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় করা মামলায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ২০২৩ সালের ১৫ নভেম্বর রাসেল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

আপিলের শুনানিতে মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে হাইকোর্ট দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রথমত, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২(ঞ) ধারায় বিয়ের শর্ত বা বিবেচনা হিসেবে অর্থ বা সম্পত্তি দাবি করাকে যৌতুক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। মামলার বাদীসহ সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, অর্থ চাওয়ার উদ্দেশ্য ছিল আসামির ব্যবসা। ফলে এ দাবিকে আইনের ওই সংজ্ঞায় যৌতুক হিসেবে গণ্য করার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দেন আদালত। যৌতুক দাবির অভিযোগ প্রমাণেও প্রসিকিউশন ব্যর্থ হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

দ্বিতীয়ত, শারীরিক নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে বাদীর বক্তব্য ও চিকিৎসা-সংক্রান্ত নথিতে অসংগতি পাওয়া যায়। বাদী তাঁর জবানবন্দিতে ডান কাঁধ ও পিঠে আঘাতের কথা বললেও চিকিৎসকের সাক্ষ্য ও মেডিকেল সনদে বাম কাঁধে আঘাতের উল্লেখ ছিল। আঘাতের স্থান নিয়ে এই বৈপরীত্য অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট নিম্ন আদালতের রায় ও দণ্ডাদেশ বাতিল করেন এবং রাসেল উদ্দিনকে খালাস দেন।

শেয়ার করুনঃ
Advertisement