ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১১, ২৬ জুন ২০২৬

বিশ্বের তিনটি দেশে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান, ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রে সংঘটিত এসব ভূমিকম্প নিয়ে উদ্বেগ তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন, ঘটনাগুলোর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্স বলেন, জাপান, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রে হওয়া ভূমিকম্পগুলো ভিন্ন ভিন্ন ফল্ট ব্যবস্থা ও টেকটোনিক প্লেট সীমানায় সংঘটিত হয়েছে। তাই একটি ভূমিকম্পের কারণে অন্যটি হয়েছে—এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

তার ভাষ্য, হাজার হাজার মাইল দূরে সংঘটিত একটি বড় ভূমিকম্প সাধারণত পৃথিবীর অন্য অঞ্চলে আরেকটি বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় না। সময় কাছাকাছি হলেও প্রতিটি ভূমিকম্পের ভূতাত্ত্বিক কারণ ও অবস্থান আলাদা।

ড. জোন্স আরও বলেন, এসব ভূমিকম্প এমন সক্রিয় প্লেট সীমানায় ঘটেছে, যেখানে দীর্ঘদিন ধরে ভূত্বকের চাপ জমা হচ্ছিল। ফলে এগুলো প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ারই অংশ। তবে কখন কোথায় বড় ভূমিকম্প হবে, তা এখনো নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাতে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ছিল ৭ দশমিক ২ মাত্রার, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে অনুভূত হয়। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস সতর্ক করেছে, এ দুই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে জাপানে ৬ দশমিক ৯ এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সূত্র: সিএনএন

শেয়ার করুনঃ
Advertisement