ইরানের আকাশসীমার কাছে সতর্কতামূলক গুলির মুখে মার্কিন এফ-১৬, ফিরে গেল বিমান

ইরানের আকাশসীমার কাছে সতর্কতামূলক গুলির মুখে মার্কিন এফ-১৬, ফিরে গেল বিমান ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:১২, ২৮ নভেম্বর ২০২৬

ইরানের আকাশসীমার কাছাকাছি গিয়ে সতর্কতামূলক গুলির মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মুখে পড়ে বিমানটি সরে যায়।

সম্প্রতি মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজকে পাহারা ও আকাশপথে নিরাপত্তা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসে।

বিবৃতি অনুযায়ী, হাঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্বে ইরানের আকাশসীমার কাছাকাছি পৌঁছালে বিমানটিকে লক্ষ্য করে আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত গতিপথ পরিবর্তন করে বিমানটি সেখান থেকে সরে যায়।

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিয়ম এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নিয়ম লঙ্ঘনকারী জাহাজের পাশাপাশি তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকেও আরও গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে।

বিবৃতিতে মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। মার্কিন যুদ্ধবিমান আবারও অনুপ্রবেশের চেষ্টা করলে বা আকাশসীমা লঙ্ঘন অব্যাহত রাখলে কঠোর জবাব দেওয়া হবে।

এ ধরনের জবাবের পরিণতি আগে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

শেয়ার করুনঃ
Advertisement