নির্বাচনের ছুটি থেকেই শুরু ৪৬ দিনের মাদরাসা অবকাশ

নির্বাচনের ছুটি থেকেই শুরু ৪৬ দিনের মাদরাসা অবকাশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব মাদরাসায় টানা প্রায় দেড় মাসের ছুটি শুরু হতে যাচ্ছে। সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করায় ওই দিন থেকেই কার্যত মাদরাসাগুলোতে ৪৬ দিনের দীর্ঘ অবকাশ শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে গত ২০ জানুয়ারি প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সরকারি ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পড়ছে শুক্র ও শনিবার। তার পরদিন ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে মাদরাসার নির্ধারিত ছুটি।

এ সময়ের মধ্যে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত রয়েছে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবেকদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ আবারও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ছে।

এই দীর্ঘ ছুটির পর দেশের মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

উল্লেখ্য, মাদরাসাগুলোতে দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। সে ছুটি নির্ধারিত রয়েছে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement