২৪ কোটি ডলারে চীন থেকে চারটি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

২৪ কোটি ডলারে চীন থেকে চারটি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) চীনের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে এই চুক্তিতে সই করেন।

ঢাকার চীনা দূতাবাসের দেওয়া তথ্যমতে, কেনা চারটি জাহাজের মধ্যে দুটি হবে ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং বাকি দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। পুরো প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার সংগ্রহে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, আর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন চারটি জাহাজ সংগ্রহ বাংলাদেশের সামুদ্রিক পরিবহন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ অব্যাহত রাখবে। পাশাপাশি চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবে, যাতে বাংলাদেশের মানুষের জন্য আরও বাস্তব সুফল নিশ্চিত হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement