২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচন এক নজরে

২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচন এক নজরে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। এ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। দলগুলোর পাশাপাশি বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা ২৯৯টি। তবে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী দুই হাজার ২৮ জন এবং এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। এদের মধ্যে মাত্র ৮৩ জন নারী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১,৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।

মোট ভোটার সংখ্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।

ভোটার সংখ্যা অনুযায়ী দেশের সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন), আর সর্বোচ্চ ভোটার সংখ্যা রয়েছে গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)। দেশে ও বিদেশ থেকে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

পোস্টাল ভোটের বিবরণ
প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি ভোট প্রদান হয়ে দেশে পাঠানো হয়েছে, আর ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছিল, যেগুলোর মধ্যে ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ভোট প্রদান করে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাপনা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী, বিজিবি ও আনসারসহ অন্যান্য বাহিনীও যুক্ত থাকবে। আনসার বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ছয় লাখ।

বিজিবি মোতায়েন
সরকার নির্বাচনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মোট ১ হাজার ১৫১ প্লাটুন মোতায়েন থাকবে। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া ১ লাখ সশস্ত্র বাহিনী সদস্য এবং ৩৫ হাজার বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।

চট্টগ্রামে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় চার জেলার ২০টি সংসদীয় আসনে মোট ৫০টি টহল দল মোতায়েন থাকবে। নির্বাচনের সময় একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটও দায়িত্ব পালন করবে। এই বিশেষ টহল কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদিকরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইতোমধ্যেই ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে পৌঁছেছেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৩৯ জন দ্বিপাক্ষিক দেশ থেকে আগত পর্যবেক্ষক এবং ৫১ জন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement