নির্বাচনের আগে জাতিসংঘের বাংলাদেশ সরকারের প্রতি বার্তা

নির্বাচনের আগে জাতিসংঘের বাংলাদেশ সরকারের প্রতি বার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আগামীকাল, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সরকারকে বিশেষ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় সংস্থাটি নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের বার্তায় বলা হয়েছে, নির্বাচনে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে নারীদের অধিকার নিশ্চিত করা, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষদের নিরাপত্তা। সংস্থাটি বলেছে, সমাজের এই জনগোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণে সবচেয়ে বেশি বাধা, বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন এবং নাগরিক সমাজের পক্ষ থেকে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা এবং হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ সচেতন।

রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনে সক্রিয় নারীরা জানাচ্ছেন, সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করা বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপব্যবহারের ঘটনা বেড়ে গেছে।

জাতিসংঘ বার্তায় আরও জানিয়েছে, তারা ধারাবাহিকভাবে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে কাজ করে আসছে। বাংলাদেশ নির্বাচন কমিশনকেও সহায়তা প্রদান করছে যাতে নারীরা নির্বাচনে প্রার্থী বা ভোটার হিসেবে অংশগ্রহণে বাধা, ভয়ভীতি বা অনলাইন নির্যাতনের শিকার না হন।

জাতিসংঘ সব রাজনৈতিক দল, নেতা, কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের বিরুদ্ধে কোনো প্রকার সহিংসতা, হয়রানি বা ভয়ভীতি যেন না থাকে। এটি নারী প্রার্থী ও ভোটারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, যাদের অংশগ্রহণ ও নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

সংস্থাটি আশ্বাস দিয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে। জাতিসংঘ সরকারের পাশে থেকে সব সময় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটার ও প্রার্থীরা নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement