অসুস্থ রিজভীর খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে তারেক রহমান

অসুস্থ রিজভীর খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে তাকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে পৌঁছান এবং রিজভীর শারীরিক খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দলের এই শীর্ষ নেতার দ্রুত আরোগ্য কামনা করেন।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে রিজভী আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অন্য রোগীদের চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে রুহুল কবির রিজভী আহমেদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তখন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এমন গুরুত্বপূর্ণ সময় দলের একজন শীর্ষ নেতার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement