জামায়াত নেতার মৎস্য খামার থেকে উদ্ধার অস্ত্র–ককটেল সামগ্রী

জামায়াত নেতার মৎস্য খামার থেকে উদ্ধার অস্ত্র–ককটেল সামগ্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একটি বড় ধরনের অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে উপজেলার মাগুয়া গ্রামে অবস্থিত ‘আল-বাশারাত’ নামের একটি মৎস্য খামারে এই অভিযান পরিচালনা করা হয়। খামারটি স্থানীয় এক জামায়াত নেতার মালিকানাধীন বলে জানা গেছে।

নাঙ্গলকোট সেনাবাহিনী ক্যাম্পের সার্জেন্ট মোহাম্মদ ইয়াসিন মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সময় খামার এলাকা থেকে ৫৯টি এসএস পাইপ, ৪৬টি জর্দার খালি কৌটা, ২০০ গ্রাম পটাশিয়াম, ১০০ গ্রাম গন্ধক, ১২টি স্কচটেপ এবং একটি ফয়েল পেপার জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এসব উপকরণ সাধারণত ককটেল তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।

বাহিনীর সদস্যদের প্রাথমিক ধারণা, আসন্ন নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংস পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই এসব অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুদ করে রাখা হয়েছিল। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট নাশকতাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় যৌথ বাহিনী।

পরে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির উপকরণ নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement