জেলা জামায়াতের আমির বেলালকে নাটক আটক সাজিয়ে আটক করা হয়: মাহবুব জুবায়ের

জেলা জামায়াতের আমির বেলালকে নাটক আটক সাজিয়ে আটক করা হয়: মাহবুব জুবায়ের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেলাল উদ্দিন প্রধান ব্যবসার টাকা বহন করছিলেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নাটক সাজিয়ে তাকে আটক করেছে। তিনি আরও জানান, টাকার উৎস সম্পর্কিত তথ্য যথাযথ সময়ে প্রমাণসহ বিস্তারিতভাবে জানানো হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বেলাল উদ্দিনকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে নিরাপত্তা কর্মকর্তারা অনাপত্তিপত্র দিয়ে ছাড়পত্র দিয়েছিলেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্র প্রদান করেছিলেন। কিন্তু সেই অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়। সৈয়দপুরে পৌঁছানোর পরও তাকে হেনস্থা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানিয়েছেন, সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল এবং তারা এতে অনাপত্তি জানিয়েছিলেন।

সৈয়দপুর বিমানবন্দরে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থসহ বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার সঙ্গে ৫০ লাখের বেশি টাকা ছিল। তবে টাকার উৎস জিজ্ঞাসা করলে তিনি জানান, এগুলো তার ব্যবসার অর্থ। এছাড়া তিনি জানিয়েছেন, তার ব্যবসা গার্মেন্টস খাতে সম্পর্কিত।

বেলাল উদ্দিন প্রধান আরও জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়া এলাকায় এবং তিনি পেশায় স্থানীয় সালন্দর কলেজের শিক্ষক। তার বাবার নাম দবিরুল।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান টাকা নিয়ে আসছেন’—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানা যায়। এরপর বিমানবন্দর ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বাহিনী ব্যবস্থা গ্রহণ করে তাকে আটক করে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement