নাহিদ ইসলামকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
Published : ১৪:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভাবনীয় সাফল্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম–কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক হৃদ্যতাপূর্ণ বার্তায় তিনি নাহিদ ইসলামের নেতৃত্ব এবং নবীন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি–র সাহসী ও লড়াকু অংশগ্রহণকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি “গুরুত্বপূর্ণ অধ্যায়” হিসেবে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু আসন সংখ্যার হিসাব নয় এটি মূলত দেশের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, প্রত্যয় ও ভবিষ্যৎ স্বপ্নের শক্তিশালী প্রতিফলন।
ড. ইউনূস বলেন, মাত্র এক বছর আগে চব্বিশের ঐতিহাসিক ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি নতুন রাজনৈতিক শক্তি হয়েও ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নিজেই সাহসিকতার পরিচয়।
তার মধ্যে ৬টি আসনে সরাসরি জয় এবং আরও কয়েকটি আসনে প্রভাবশালী প্রার্থীদের বিরুদ্ধে সম্মানজনক লড়াই গড়ে তোলা নিঃসন্দেহে এক অনন্য রাজনৈতিক অর্জন। এতে প্রমাণ হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, এখন নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক নতুন ধারার রাজনীতির প্রতি আস্থা রাখতে শুরু করেছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, সেই উত্তাল সময়গুলোতে নাহিদ ইসলামের সাহস ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছিল। নাহিদ ইসলাম ও তার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. ইউনূস জানান, উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামকে সহকর্মী হিসেবে পাওয়া তার জন্য ছিল এক মূল্যবান অভিজ্ঞতা। সে সময় নাহিদের কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক বিষয়ে গভীর মনোযোগ তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে বলেও বার্তায় উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, রাজনীতিতে নতুন কণ্ঠস্বর ও নতুন চিন্তার উত্থান ঘটলেই গণতন্ত্র প্রকৃত অর্থে বিকশিত হয়। এনসিপির স্বল্প সময়ের এই সাফল্য প্রমাণ করেছে দেশের মানুষ পুরোনো ধারার বাইরে গিয়ে তরুণ নেতৃত্বের ওপর আস্থা রাখতে প্রস্তুত। এখন সেই আস্থার মর্যাদা রক্ষা করা এবং সংসদীয় গণতন্ত্রে জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই হবে এই নবীন দলের সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সংসদে গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রেখে গণতন্ত্রকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে।
বার্তার শেষাংশে ড. ইউনূস বলেন, আন্দোলনের রাজপথ থেকে মূলধারার রাজনীতিতে এই যাত্রাপথে যেন দলের আদর্শ ও মূল্যবোধ অটুট থাকে। একই সঙ্গে তিনি নাহিদ ইসলামের ব্যক্তিগত সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।
বিডি/এএন
































