জামায়াত আমিরকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

জামায়াত আমিরকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা এক বার্তায় জামায়াত আমিরের প্রতি তার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নির্বাচনে আপনার নেতৃত্বে দলের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফলকে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার মনোভাবের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

প্রফেসর ইউনূস বার্তায় বলেন, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং দলের কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায্যতার চ্যালেঞ্জের মুখোমুখি।

এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে হলে সরকার ও বিরোধী দলের উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।

প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, আপনার নেতৃত্বে জামায়াতে ইসলামী জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করবে।

দলের নীতিগত পরামর্শ, আইন প্রণয়নে সহযোগিতা, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা এগুলোর মাধ্যমে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

তিনি যোগ করেন, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আপনি অতীতে যে ভূমিকা রেখেছেন, তা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে তার দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই দেশের শক্তি। প্রধান উপদেষ্টা শেষকথায় মহান আল্লাহর কাছে জামায়াত আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement