সম্ভাব্য মন্ত্রীসভায় ময়মনসিংহের ৯ নেতার নাম আলোচনায়
Published : ১৯:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমান–এর নেতৃত্বে বিএনপির সম্ভাব্য নতুন সরকার গঠনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নানা ধরনের বিশ্লেষণ।
সম্ভাব্য মন্ত্রীসভায় কারা জায়গা পাচ্ছেন—এ নিয়ে চলছে চুলচেরা পর্যালোচনা। অভিজ্ঞতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের ত্যাগী ভূমিকা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে অন্তত ৯ জন নেতার নাম আলোচনায় উঠে এসেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর ময়মনসিংহ অঞ্চলের রাজনৈতিক মহল, সাধারণ মানুষ এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে প্রত্যাশা ও জল্পনা লক্ষ্য করা যায়।
তৃণমূল পর্যায়ে যেসব নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তারা হলেন—প্রবীণ রাজনীতিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম খান, কারাবরণকারী নেতা আব্দুস সালাম পিন্টু, অভিজ্ঞ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রশিদুজ্জামান মিল্লাত, শরীফুল আলম, ব্যারিস্টার কায়ছার কামাল, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং তরুণ প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শ্রমিক আন্দোলনে সুপরিচিত মো. নজরুল ইসলাম খানকে টেকনোক্র্যাট কোটায় মূল্যায়ন করা হতে পারে।
নেত্রকোনার তেলিগাতী এলাকার বাসিন্দা ও ময়মনসিংহ নটর ডেম কলেজের শিক্ষক মো. আতিকুল বাশার বলেন, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর অতীতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি আবারও মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন বলে ধারণা করছেন অনেকে।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, অতীতেও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে—এমন প্রত্যাশাই করছেন তারা। পাশাপাশি আলোচিত নামগুলোর বাইরে থেকেও নতুন মুখ উঠে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা আ. মান্নান বলেন, সদরের নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ছাত্রজীবন থেকেই দলের রাজনীতিতে সক্রিয়। দলীয় দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, হামলা-মামলায় কারাবরণও করেছেন। বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ আসন থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হওয়ায় তিনি মন্ত্রীসভায় স্থান পাওয়ার যোগ্য বলেও মত দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দল ও নবগঠিত সরকারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমানই। তিনি আশা প্রকাশ করেন, দেশের চলমান সংকট মোকাবেলায় তারেক রহমান সফল নেতৃত্ব দেবেন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি কাজের মাধ্যমে দলের সুনাম অক্ষুণ্ন রাখতে চান।
অন্যদিকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান জানান, মন্ত্রীসভা গঠন সাংবিধানিকভাবে দলীয় প্রধানের এখতিয়ার। ব্যক্তিগত কোনো প্রত্যাশা না রেখে তিনি দেশের মানুষের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
বিডি/এএন
































