রংপুরে বেগুনের দাম দ্বিগুণ ও লেবুর দাম তিনগুণ
Published : ২০:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সিয়াম-সাধনার পবিত্র মাস শুরুর আগেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ীদের তেলেসমাতিতে এক দিনের ব্যবধানে রংপুরে বেগুনের দাম দ্বিগুণ হয়েছে এবং লেবু দাম তিনগুণ হয়েছে।
এক দিনে ব্যবধানে এই দুই পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে সঠিকভাবে মনিটরিং না থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করার সাহস পায়।
বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা। রংপুর নগরীর বিভিন্ন বাজার শনিবার প্রতি কেজি বেগুনের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। রবিবার সকালে তা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। রোজা শুরু হলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।
অন্যদিকে, এক সপ্তাহ আগে এক হালি (চারটি) লেবুর দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে একটি লেবুই বিক্রি হচ্ছে ১৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে তিনগুণের বেশি। নগরীর পূর্ব গুপ্তপাড়ার আরিফা সুলতানা বলেন, বলেন, রোজার আগে বেগুন ও লেবুর দাম কল্পনাতীতভাবে বেড়েছে।
রোজার মধ্যে দাম আরও বাড়লে অনেক রোজাদার এই দুটি খাদ্যপণ্য খাওয়া থেকে বঞ্চিত হবেন। তিনি বাজার মনিটরিংয়ের দাবি জানান। বাজারের খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে বেগুন ও লেবুর দাম বাড়িয়ে অতিরিক্ত লাভ করছেন। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, বেগুন ও লেবুর সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
বিডি/এএন


































