তৃতীয় ভাষা হিসেবে বিদেশি ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা

তৃতীয় ভাষা হিসেবে বিদেশি ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা ছবি: সংগৃহীত

TheBusinessDaily

Published : ২১:১১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকার বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে।

বহুভাষিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে আরবি, চীনা, জাপানি কিংবা ফরাসি ভাষাকে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। এর ফলে শিক্ষার্থীরা বহুভাষায় দক্ষতা অর্জনের সুযোগ পাবে এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

তিনি আরও বলেন, দেশ এখন নতুনভাবে গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। দীর্ঘ দুই দশক পর নতুন প্রজন্মের সঙ্গে স্বাধীনতার স্বাদ ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ববি হাজ্জাজ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, সবার আগে মাতৃভাষা বাংলা—এ ভাষার শিক্ষা ও চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে ভাষা শিক্ষার মানকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন তিনি। দেশ, জাতি এবং ভাষার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ধর্মকে ঘিরে কুরাজনীতি বা বিভাজনমূলক চর্চা তাদের কাম্য নয়। সরকারের দায়িত্ব দেশের ঐক্য, ইতিহাস ও সংস্কৃতিকে সুরক্ষা দেওয়া। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement