অর্থ আত্মসাৎ অভিযোগে কারাগারে এনসিপি নেতা

অর্থ আত্মসাৎ অভিযোগে কারাগারে এনসিপি নেতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর। তিনি জানান, মিজানুর রহমান সাগর একটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে হামলা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রুবেল প্রাং নামে এক ব্যক্তি গত ৩০ আগস্ট এই মামলা দায়ের করেন। মামলার বর্ণনায় উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পান করার সময় মিজানুর রহমান সাগরসহ আরও চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, রুবেল প্রাং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং তার কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement